ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শীতে কাঁপছে উত্তরের জনপদ

ads
শীতের দাপটে কাঁপছে উত্তরের জনপদ। নভেম্বরের শেষ সপ্তাহে হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। বাংলাদেশে চলমান শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত ২৩ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয়ের বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেদিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তোফাজ্জল হোসেন আরও জানান, উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয় পর্বতের হিমেল বাতাস ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমে আসায় তাপমাত্রা কমে আসছে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের এই জনপদে। এই জনপদে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বাড়বে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। কিন্তু গত শুক্রবার হঠাৎ করেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে। এরপর একদিনেই সেই তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়ছে এ জনপদের ছিন্নমূল ও অসহায় মানুষ।
ads
ads
ads

Our Facebook Page